ব্রিটেনে মা-বাবাকে হত্যার দায়ে শিখ তরুণের যাবজ্জীবন

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২১:১৯

ব্রিটেনে মা ও সত্বাবাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পুত্র আনমল চানাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সেদেশের আদালত। শুক্রবার বার্মিংহাম ক্রাউন কোর্টের বিচারপতি মার্ক ওয়েল কিউসি ঐ শিখ তরুণের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। রায় অনুযায়ী, ঘাতক পুত্রকে ন্যূনতম ৩৬ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালতের রায়ে জানা যায়, ২৬ বছর বয়সি আনমল চানা এ বছরের ফেব্রুয়ারিতে তার মা জাসবির কাউর (৫২) ও মায়ের স্বামী রুপিন্দর ভাষানকে (৫১)  তাদের বার্মিংহামের ওল্ডবারির নিজ বাড়িতে ছুরিকাঘাতে হত্যা করেন। পরিবারটি শিখ ধর্মাবলম্বী। পুত্রের হাতে হত্যার শিকার জাসবির ও রুপিন্দরের জন্ম ভারতে হলেও তারা ব্রিটিশ নাগরিক। পুত্র আনমল ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।

মামলার বিবরণী থেকে জানা যায়, মা ও সত্বাবাকে হত্যার পর আনমল ঘরে থাকা টাকা চুরি করে ব্রিটেন ছেড়ে পালিয়ে যাবার পরিকল্পনা করছিল। এ সময় পুলিশ তাকে আটক করে। ঘাতক আনমল আদালতে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে দাবি করেছে, মা ও সত্বাবা তাকে মারতে এলে আত্মরক্ষার জন্য তাদেরকে হত্যা করে সে। তবে, রায়ে বিচারপতি বলেছেন, আনমলের বক্তব্য স্পষ্টতই মিথ্যা প্রমাণিত হয়েছে।

জাসবির ও রুপিন্দরের প্রত্যেকের শরীরে ২০টির বেশি ছুরিকাঘাতের আলামত পাওয়া যায়। মামলার শুনানিতে আনমলের বোন আদালতে দেওয়া সাক্ষ্যে জানান, আনমলের বয়স যখন ১৬ ছিল তখনো সে একই কায়দায় ছুরি দিয়ে তার মা ও বোনের ওপর হামলা চালিয়েছিল।