ভাসুরের লাঠির আঘাতে ছোট ভাইয়ের স্ত্রীর মৃত্যু

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২১:৫০

বাগেরহাটের ফকিহাটে মাদকসেবী ভাসুরের লাঠির আঘাতে ছোট ভাইয়ের স্ত্রী খাদিজা বেগমের (২৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে ফকিরহাট উপজেলার নলধাবাগ এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ঘাতক ভাসুর কামাল মল্লিককে ইতিমধ্যে আটক করেছে।    

পুলিশ ও নিহতের পরিবার থেকে জানা যায়, নলধাবাগ গ্রামের দিনমুজুর আবুল কাশেম মল্লিকের স্ত্রী খাদিজা বেগম উঠানে বসে রান্না করার সময় মাদকাশক্ত ভাসুর কামাল মল্লিক তাকে কু-প্রস্তাব দেয়।

বিষয়টি তাৎক্ষণিক খাদিজা বেগম তার শ্বাশুড়ী আছিয়া বেগমকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে কামাল মল্লিক গাব গাছের মোটা লাঠি দিয়ে সাজোরে খাদিজার মাথার ওপর আঘাত করে পালিয়ে যায়। এতে ছোট ভাইয়ের স্ত্রী খাদিজা বেগম ঘটনাস্থলে মারা যায়। ঘটনার সময় নিহতের স্বামী বাড়ীতে ছিলেন না। ঘাতক একই গ্রামের নেছার উদ্দিন মল্লিকের মেঝো ছেলে।  

আরো পড়ুন: প্রশিক্ষণ এয়ারক্রাফটের চাকা ফেটে সিডিউল বিপর্যয় 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু জাহিদ শেখ জানান, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘাতক ভাসুর কামাল মল্লিক (৪০) কে স্থানীয়দের সহযোগিতায় পার্শ্ববর্তী গ্রাম ব্রহ্মডাংগা থেকে আটক করা হয়েছে। নিহত খাদিজা বেগম ৩বছরের একটি কন্যা সন্তান রয়েছে।'  

ইত্তেফাক/জেডএইচডি/এসআর