স্পোর্টস রিপোর্টার
করোনার কারণে এশিয়া অঞ্চলের ফিফা বিশ্বকাপ এবং এশিয়ান কাপের খেলা স্থগিত করায় ঘরোয়া ফুটবল আয়োজনের সম্ভাবনা দেখা দিয়েছে। চলতি বছরটা শেষ হতে আর যেকয়টা মাস রয়েছে সেই সময়টা কাজে লাগাতে চায় ফেডারেশন। ঘরোয়া মৌসুম আয়োজনে এরই মধ্যে তত্পরতা শুরু হয়েছে। ক্লাবগুলোর সঙ্গে এক দফা বৈঠক করার পর এবার খেলোয়াড়দের সঙ্গে বৈঠক হবে মঙ্গলবার। ফুুটবলারদের সঙ্গে হওয়া চুক্তির বিষয়টার সুরাহা চায় ক্লাবগুলো। তারপর একটা রূপ রেখা নিয়ে এগুতে চায় বাফুফে। এজন্য খেলোয়াড়দের সঙ্গেও একটা বৈঠক রাখা হয়েছে। খেলোয়াড়রাও চুক্তির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে অনেকবার। সবকিছু বুঝেশুনে বাফুফে নতুন মৌসুম নিয়ে একটা পথে আগানোর পরিকল্পনা করছে।
এ বছরই খেলোয়াড় দলবদল, ফেডারেশন কাপ এবং প্রিমিয়ার লিগ শুরু করার ব্যাপারে পরিকল্পনা তৈরি করে রাখছে ফেডারেশন। যদিও সামনে বাফুফের নির্বাচন, আগামী ৩ অক্টোবর। তার পরও নির্বাচন তার জায়গায় হবে কিন্তু নির্বাচনকে ঘিরে খেলোয়াড়দের মাঠে নামার বিষয়টি অধিকতর গুরুত্ব দিচ্ছে ফেডারেশন। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, তাদের নতুন মৌসুমের ভাবনার কথা। আগামী সেপ্টেম্বরের শেষ দিকে খেলোয়াড় দলবদলের ভাবনা রয়েছে। দেড় মাস চলতে পারে খেলোয়াড় রেজিস্ট্রেশন। সেই হিসাবে নভেম্বর পর্যন্ত চলবে দলবদল। নভেম্বরের শেষ দিকে ফেডারেশন কাপ ফুটবল আয়োজন করতে চায়। যদিও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বৃহস্পতিবার ক্লাবগুলোর সঙ্গে বৈঠক শেষে বলেছিলেন যে লিগটি আর হয়নি সেই লিগের আগে ফেডারেশন কাপ ফুটবল হয়েছিল। আর এখন নতুন মৌসুম শুরু করা হলে সেখানেও ফেডারেশন কাপ ফুটবল হবে, কাল এমন কথা বলছেন বাফুফের সাধারণ সম্পাদক। প্রিমিয়ার লিগ এ বছরই শুরুর কথা জানিয়েছেন আবু নাঈম। তিনি বলেন, ‘আমরা যদি নভেম্বর পর্যন্ত দলবদল, এরপরই ফেডকাপ করতে পারি তাহলে প্রিমিয়ার লিগ ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু করতে পারব। দেখুন বললেই সব হয় না। এখানে ক্লাবগুলোর গুরুত্ব অনেক বেশি।’
