বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পরে স্বাভাবিক

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২২:০০

ট্রাকের অবস্থান ফি দাবি

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ হঠাত্ করে রাত্রিকালীন ট্রাক অবস্থান ফি নির্ধারণ করায় সহকারী বন্দর পরিচালকের সঙ্গে ট্রাকচালক ও ব্যবসায়ীদের বিতণ্ডার জের ধরে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখেন ব্যবসায়ীরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রপ্তানি পণ্যবাহী প্রতিটি গাড়ির জন্য ব্যবসায়ীরা বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের নির্ধারিত ফি পরিশোধ করে ব্যবসা করে আসছেন। শনিবার হঠাত্ করে কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই প্রতিটি রপ্তানি পণ্যবাহী গাড়ির রাত্রিকালীন বন্দরের ইয়ার্ডে অবস্থান ফি বাবদ ১৭১.৩৬ টাকা পরিশোধের নির্দেশ দেন। এ ঘটনাকে কেন্দ্র করে আমদানি-রপ্তানিকারকদের সঙ্গে স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) সঞ্জয় বাড়ৈর বিতণ্ডার সৃষ্টি হয়। এতে ট্রাকচালক ও ব্যবসায়ীরা সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখেন। পরে পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমীন বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার, সহকারি পরিচালক (ট্রাফিক) সঞ্জয় বাড়ৈসহ বন্দর কর্তৃপক্ষের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে ট্রাক চলাচল ও পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়। এ সময় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত, বুড়িমারী ট্রাক ট্র্যাংলরি কাভার্ডভ্যান চালক সমিতির সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।