খুলনার উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২২:০৩

খুলনা অফিস

খুলনার উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শনিবার দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এবং পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোট। এ সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র।

সমাবেশে বক্তারা উপকূলের সার্বিক উন্নয়নে হাওর উন্নয়ন বোর্ডের মতো উপকূলীয় পৃথক বোর্ড গঠনের দাবি জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকে মাথায় রেখে স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ করতে হবে যার দৈর্ঘ্য হবে ১০০ ফুট, প্রস্থ ৩০ ফুট এবং উচ্চতা হবে ৩০ ফুট। বাঁধ রক্ষণাবেক্ষণের জন্য জরুরি তহবিল গঠন ও বাঁধ ব্যবস্থাপনায় স্থানীয় সরকারকে সম্পৃক্ত করতে হবে। ওয়াপদা বাঁধের ১০০ মিটারের মধ্যে চিংড়ি বা কাঁকড়ার ঘের তৈরিতে সরকারের দেওয়া নিষেধাজ্ঞা দ্রুত কার্যকর করতে হবে। তারা বলেন, বেড়িবাঁধ সংস্কার না করায় নদীতে পানি বাড়লেই বিভিন্ন স্থানে বাঁধ ভাঙছে। গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। মানববন্ধনে বক্তারা উপকূলীয় জনগণের নিরাপদ খাবার পানির টেকসই ও স্থায়ী সমাধানেরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোটের সদস্য সচিব ও সিডিপির খুলনার সমন্বয়কারী এস এম ইকবাল হোসেন বিপ্লবের পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন জোটের আহ্বায়ক এস এম শাহনওয়াজ আলী, কৃষি ও পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক আ ফ ম মহসীন প্রমুখ।