বাংলাদেশ পুলিশ ক্যাডেট-৭২ কল্যাণ ফোরাম বলেছে, অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহত হওয়ার ঘটনাটি দুঃখজনক। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কিছু মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ সমালোচনা হচ্ছে। একই সময় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের সংগঠন (রাওয়া) একটি বিবৃতি দিয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, যা কারো কাম্য নয়। এতে কিছু স্বার্থান্বেষী মহল ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র করছে বলে প্রতীয়মান হয়।
মুক্তিযোদ্ধা পরিবারের একজন সন্তানের অকাল মৃত্যুতে দুঃখ ও শোক প্রকাশ করে গতকাল শনিবার ফোরামের সভাপতি অতিরিক্ত ডিআইজি (অব.) আবদুল কাহার আকন্দ ও সাধারণ সম্পাদক পরিদর্শক (অব.) মো. মোবারক আলী খান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, এটাই বাস্তবতা যে একই পরিবারের সদস্য কেউ সেনাবাহিনী, কেউ পুলিশ বা অন্য কোনো বাহিনীতে চাকরি করছেন। সেনা ও পুলিশ বাহিনীতে যারা চাকরি করেন তারা সবাই এ দেশের সন্তান। এদের মধ্যে কোনো রকম বিভেদ সৃষ্টির অপচেষ্টা কাম্য নয়। ঘটনার পর সেনা ও পুলিশ বাহিনীর প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেন। দুই বাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন যে আলোচনার মধ্য দিয়ে সব বির্তক ও ভুল বোঝাবুঝির অবসান হবে। আমরা তাদের সবার বক্তব্যকে স্বাগত জানাই। পাশাপাশি কর্মরত সব স্তরের পুলিশ সদস্যদের প্রতি পরামর্শ, আপনারা ধৈর্য ধারণ করে দেশের প্রচলিত আইন সিআরপিসি, পিআরবি, পুলিশ অ্যাক্ট যথাযথভাবে অনুসরণ করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন । সংবাদ বিজ্ঞপ্তি ।
