শূন্য পাঁচটি সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রির ৬ষ্ঠ দিনে আরো ১৩টি ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এ নিয়ে ছয় দিনে মোট ১৩০ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র কিনলেন। এর মধ্যে জাতীয় সংসদের নওগাঁ-৬ আসনে ৩২ জন, পাবনা-৪ আসনে ২৮ জন, ঢাকা-৫ আসনে ১৮ জন এবং ঢাকা-১৮ আসনে ৪৯ জন এবং সিরাজগঞ্জ ১ আসনে তিন জন আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র কিনেছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। প্রথম পাঁচ দিনে ১১৭ জন দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন। আজ রবিবার বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেওয়া যাবে।
