চট্টগ্রাম অফিস
ঘোষণা ছাড়াই অন্য পণ্যের সঙ্গে কনটেইনারে ঢুকিয়ে বন্দরে নিয়ে আসা ৩ লাখ ৪ হাজার ৯২০ প্যাকেট তাস আটক করেছেন শুল্ক গোয়েন্দা অধিদফতরের সদস্যরা। গতকাল মঙ্গলবার এই তথ্য প্রকাশ করে শুল্ক গোয়েন্দা সূত্র। চট্টগ্রাম বন্দরে আটক শুল্ককরসহ চালানটির মূল্য ১ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার ৬৩২ টাকা। ন্যায় নির্ণয়সহ শুল্ককরাদি আদায়ের জন্য শুল্ক গোয়েন্দার প্রতিবেদন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারের কাছে পাঠানো হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে জানা যায়, মেসার্স সালাম ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান চালানটি আমদানি করে। এটি খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স নুরুচ্ছফা ইন্টারন্যাশনাল লিমিটেড। গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটক করে কায়িক পরীক্ষা করা হয়। যাতে ঘোষণা অনুযায়ী পলিশিং প্যাডস ও টুথ ব্রাশ (অর্ডিনারি) পাওয়া গেলেও ৩ লাখ ৪ হাজার ৯২০ প্যাকেট তাস পাওয়া যায়। পণ্য চালানটির শুল্কায়নযোগ্য মূল্য ৭৬ লাখ ৮৩ হাজার ৯৮৪ টাকা এবং মোট শুল্ককরাদির পরিমাণ ৫৮ লাখ ৬৩ হাজার ৬৪৮ টাকা। শুল্ককরসহ পণ্য চালানটির মোট মূল্য দাঁড়ায় ১ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার ৬৩২ টাকা।
