অভিযুক্তকে আটক করায় ধর্ষিতার বাড়ির লোকজনের উপর হামলা

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১৩:৪১

নোয়াখালীর চাটখিল পৌরসভায় এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভীমপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে নাঈম হোসেন (২২) ও রফিক উল্যা মোল্লার ছেলে ইউসুফ যুদানীকে (২৩) পুলিশ শনিবার গ্রেফতার করেছে

এ ব্যাপারে চাটখিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেয়ের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। 

মামলার বিবরণে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় বাসার লোকজনের অনুপস্থিতিতে বাসায় একা পেয়ে নাঈম হোসেন জোরপূর্বক ১৭ বছর বয়সী ওই মেয়েকে ধর্ষণ করে। এ সময় ধর্ষিতার চিৎকারে আশপাশের লোকজন এসে নাঈমকে হাতেনাতে আটক করে। 

তাৎক্ষণিক নাঈমের সহযোগী ইউসুফ যুদানীর নেতৃত্বে ৩/৪ জন সন্ত্রাসী বাড়ির লোকজনের উপর হামলা করে। তাদেরকে মারধর করে নাঈমকে ছিনিয়ে নিয়ে যায়।

শনিবার বিকালে পুলিশ চাটখিল পৌর শহর থেকে নাঈমের সহযোগী ইউসুফ যুদানীকে গ্রেফতার করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী নাঈমকে তার নানার বাড়ী বানসা থেকে গ্রেফতার করে। 

এ ব্যাপারে চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, নাঈম ধর্ষণের কথা স্বীকার করেছে এবং ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে।  

ইত্তেফাক/জেডএইচ