ধোনিকে দেখলে নিজের স্বামীর কথা মনে পড়ে সানিয়া মির্জার

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১৮:১৭

কাউকে না জানিয়ে হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। তার এই অবসর নিয়ে বিশ্বজুড়ে চলছে সমবেদনা। চুপিসারে মাত্র কয়েকটা শব্দ লিখে ১৬ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ইতি টেনে দিয়েছেন। এমন কঠিন সিদ্ধান্ত এত সহজে নেওয়াটা হয়তো ধোনির পক্ষেই সম্ভব। ধোনির অবসরের পর শুধু ক্রিকেট সার্কিটেই নয়, অন্য ক্রীড়াক্ষেত্রেও হাহাকার। তবে ধোনির ম্যানেজারের দাবি, ‘আসলে করোনার জন্য টি-২০ বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় ধোনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। না হলে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলেই অবসর ঘোষণা করতেন ধোনি।’

ক্রীড়াজগতের একের পর এক তারকারা ধোনি-বন্দনা করছেন। সবার একটাই কথা। মাঠে এমন মাথা ঠাণ্ডা ক্যাপ্টেন ভারতীয় দল আর পাবে কি না সন্দেহ। ধোনির শান্ত মেজাজই তাঁকে আর পাঁচজনের থেকে আলাদা করেছিল। চাপের মুখে ভেঙে পড়েননি কখনও। নিজের প্রচারের থেকে দলের স্বার্থ তাঁর কাছে সব সময় আগে ছিল। দেশের হয়ে ক্রিকেটে সমস্ত মেজর ট্রফি জিতেছেন। ক্রিকেট থেকে আর তাঁর কী পাওয়ার ছিল! তবুও দেশবাসী ধোনিকে মিস করবে বলে মনে করছেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা। তাঁর দাবি, ধোনির ব্যক্তিত্ব তাঁকে সবার থেকে আলাদা করে রেখেছিল। যথার্থই তাঁকে ক্যাপ্টেন কুল বলা হয়। সানিয়া এদিন আরো বলেন, ধোনিকে মাঠে দেখলে তাঁর স্বামী শোয়েব মালিকের কথা মনে পড়ে।

সানিয়া মির্জা বলেছেন, 'ধোনির সঙ্গে শোয়েবের অনেক দিকে মিল রয়েছে। ওরা দুজনেই মাঠে খুব শান্ত থাকতে পারে। তা ছাড়া দুজনের ব্যক্তিত্বে অনেক মিল রয়েছে। ধোনির মতো শোয়েবও দেশের জন্য সব করতে পারে। আসলে দেশের প্রতি ওদের দুজনের শ্রদ্ধা ও আনুগত্য ওদের আর পাঁচজনের থেকে আলাদা করে রেখেছে। মাঠে ধোনিকে দেখলে আমার শোয়েবের কথা মনে পড়ে। ধে্ানি চাইলে একটা ম্যাচ খেলে অবসর নিতে পারত। কিন্তু ও দূরে থেকেই অবসর ঘোষণা করল। আসলে বরাবরই প্রচারবিমুখ থেকেছে ও। দেশ ও দলের কথাই সবার আগে ভাবে ও।'

ইত্তেফাক/এসআই