প্রধান নির্বাচকের পদ হারাচ্ছেন মিসবাহ

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১৯:২৩

পাকিস্তান ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে একই সঙ্গে হেড কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন মিসবাহ উল হক। গত সেপ্টেম্বরে পাকিস্তান ক্রিকেটে নতুন যুগের সূচনা করেছিলেন সাবেক এই অধিনায়ক। কিন্তু তার এই দ্বৈত দায়িত্বের যুগ এক বছরের বেশি দীর্ঘ হচ্ছে না।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে চলতি সফর শেষেই মিসবাহকে প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়ে দিতে বলা হবে। তার বদলে জনপ্রিয় এক সাবেক পেসারকে নতুন প্রধান নির্বাচক বানানোর কথা ভাবছে পিসিবি।

ভারতীয় সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) সেই কর্মকর্তা বলেছেন, ‘পিসিবি এখন মনে করছে, মিসবাহর ওপর থেকে বাড়তি কাজের বোঝা কমিয়ে দেয়াই ভালো হবে। যাতে করে সে তার প্রধান কোচের দায়িত্বে ভালোভাবে মনোযোগ দিতে পারে। কেননা আগামী তিন বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ আইসিসি ইভেন্ট রয়েছে।’

এসময় নতুন প্রধান নির্বাচকের বিষয়ে ধারণা দিয়ে পিসিবি কর্মকর্তা বলেন, ‘মিসবাহকে দায়িত্ব দেয়ার সময় একটা সংশয় ছিল, একইসঙ্গে দুই দায়িত্ব পালন করতে পারবে কি না। এবার আমরা নতুন প্রধান নির্বাচক হিসেবে একজন সাবেক ফাস্ট বোলারকে দায়িত্ব দেয়ার কথা ভাবছি। যিনি সবসময় সাহসী মন্তব্য করে থাকেন। তার সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’
তবে পাকিস্তানি কোন পেসারকে দলটির প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হচ্ছে সে ব্যাপারে এখনও স্পষ্ট করেননি তিনি।

ইত্তেফাক/এসআই