ডিগবাজি রোজ খাই

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২০:৫৯

এই সময়ের ছড়া 

আনিসুল হক

 

সবাই কেমন বদলে গেছে, আমরাও কি কম?

চোখে রঙিন চশমা ছিল প্রথম প্রথম।

 

চশমা যখন পড়ল খসে তাধিন তাধিন তাধিন,

তখনো কি হতে পারলাম সত্যি অর্থে স্বাধীন?

 

ছোট্ট দেশের ছোট্ট মানুষ সাবধানে পা ফেলা,

ব্যাঘ্র আছেন শেয়াল আছেন কখন যে কোন খেলা।

 

যখন তখন চমকে ওঠে আকাশতীরে বাজ,

অস্ত্র বানান যুদ্ধ বাধান যত্তো মহারাজ।

 

রাজায় রাজায় যুদ্ধ বাধে সাধারণের মরণ,

শক্তিশালী বৃহত্ দেশের বাঁচার আজব ধরন!

 

পুঁজিবাদে পুঁজির মূল্য আর কিছু নয় গণ্য,

গরু ছাগল এবং মানুষ সব যে দেখি পণ্য!

 

এক পয়সায় বিক্রি হলাম চাকচিক্য চাই,

চাকচিক্য পাবার জন্য ডিগবাজি রোজ খাই।