কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ সেশনের জাহিদুল ইসলাম নামের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ ঘটনা ঘটে।
জাহিদুল ইসলামের অভিযোগ, সোমবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবার খাওয়ার পর হাত ধোয়ার সময় নাম না জানা এক বড় ভাইয়ের সাথে কথা হচ্ছিল। এমন সময় কোনো কারণ ছাড়াই শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের শিক্ষার্থী রাফিউল আলম দীপ্ত তাকে চড়-থাপ্পড় মারতে থাকেন। সে সময় শাখা ছাত্রলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক জুনায়েদ ও উপ-দপ্তর সম্পাদক মিঠুনসহ কয়েকজন ক্যাফেটেরিয়ায় তাকে মারধর করে।
আহত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নেওয়া হলে চিকিত্সক তাকে প্রাথমিক চিকিত্সা দিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজে চিকিত্সা নিতে পরামর্শ দেন।
আহত জাহিদুল ইসলাম বলেন, আমাকে কোনো কারণ ছাড়া মারধর করেছে। আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই। যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাফিউল আলম দীপ্ত বলেন, অভিযোগকারী শিক্ষার্থী হাত ধুতে যেয়ে ময়লা লাগিয়ে দেয়। পরবর্তীতে তার ব্যাচ জানতে চাইলে আমাদের সাথে তর্ক করে। এক পর্যায়ে তাকে একটা চড় দিয়ে ক্যাফেটেরিয়া থেকে বের করে দেওয়া হয়। শিক্ষার্থীকে মারধরের বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, আমি বিষয়টি জানতাম না। যদি ঘটনা সত্য হয় তাহলে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আমার কাছে অভিযোগ জমা দেওয়া হয়েছে। প্রক্টরিয়াল বডি ব্যবস্থা নেবে।
