চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
চিতলমারী উপজেলার বাখরগঞ্জ-ডুমুরিয়া সড়কে বর্ষা এলেই ভোগান্তির শেষ থাকে না। এতে শুড়ীগাতী, রায়গ্রাম, খিলিগাতীসহ প্রায় ৫ গ্রামের বাসিন্দাদের জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। উপজেলার রায় গ্রামের কৃষ্ণ রানা, সুভাষ মৃধা জানান, সড়কটি মেরামতের অভাবে দীর্ঘদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দারা। কৃষি পণ্যসহ মালামাল আনা নেওয়া ও যোগাযোগে সড়কটি এখন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন জানান, সড়কের সমস্যা দূর করার জন্য আলোচনা চলছে। উপজেলা প্রকৌশলী জাকারিয়া ইসলাম জানান, সড়কটির মেরামতের জন্য বরাদ্দ চেয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পাশ হলে কাজ শুরু করা হবে।
