চরফ্যাশন হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টা মামলায় গ্রেফতার ২

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২১:১৬

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা

চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে চিকিত্সাধীন অসুস্থ খালাতো বোনকে দেখতে আসা পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। রবিবার চরফ্যাশন থানায় মামলাটি দায়ের করা হয়। পুলিশ আসামি রিপন ও তামিমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

গ্রেফতারকৃত রিপন আছলামপুর ১ নম্বর ওয়ার্ডস্থ জামালের ছেলে এবং চরফ্যাশন হাসপাতাল রোডস্থ মেডিনোভা মেডিক্যাল হলের কর্মচারী। অপর আসামি তামিম চরমাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের আব্দুল করিম বেপারীর ছেলে। সে আল-মদিনা ফার্মেসির কর্মচারী।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক জানান, স্থানীয় সংবাদকর্মীরা বিষয়টি আমাকে জানালে আমি চরফ্যাশন থানার ওসিকে খবর দেই। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিয়া জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই অভিযুক্ত রিপন ও তামিমকে আটক করা হয়েছে। রবিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।