ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি তখন প্রহর গুনছে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের। তার ঠিক এক দিন আগেই মাঠে গড়িয়েছে ফরাসি লিগের ২০২০-২১ মৌসুম। লিগটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ১৬৭ দিনের বিরতি শেষে প্রথম ম্যাচটা অবশ্য দেখেছে ম্যাড়মেড়ে এক ড্র। বোর্দো আর নঁতের গোলশূন্য ম্যাচটির পর অঁজে ১-০ ব্যবধানে জিতেছে দিজঁর বিপক্ষে। গতকাল দুটো ম্যাচও শেষ হয়েছে সাম্যাবস্থায়। লিলের মাঠে রেনে ১-১ গোলে ড্র নিয়ে একটি পয়েন্ট অর্জন করেছে, ওদিকে মোনাকো নিজেদের মাঠে রেইমসের বিপক্ষে দুই বার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করতে সক্ষম হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে ব্যস্ত থাকা পিএসজি, আর সেমিফাইনালিস্ট লিওঁ মাঠে নামবে আগামী ম্যাচদিবস থেকে।
