ডিএসইর দুঃখ প্রকাশ
ইত্তেফাক রিপোর্ট
আপডেট ভার্শন চালুর পর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট নিয়ে ভোগান্তিতে বিনিয়োগকারীরা। এর পরিপ্রেক্ষিতে ডিএসইকে শোকজ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-কে বিএসইসির কার্যালয়ে ডেকে নিয়ে শোকজের চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শেয়ারবাজারে লেনদেনের গতি বাড়ায় কয়েক দিন ধরেই ডিএসইর মাধ্যমে লেনদেন করতে সমস্যায় পড়েছিলেন বিনিয়োগকারীরা। ডিএসইর সফটওয়্যার ক্রয়-বিক্রয়ের আদেশ নিতে দীর্ঘ সময় নেওয়ার পাশাপাশি মাঝে মধ্যে কোড পরিবর্তন হয়ে যাওয়ার অভিযোগও উঠে। এ পরিস্থিতিতে গত বুধবার আপডেট ভার্সনের ওয়েবসাইটের মাধ্যমে লেনদেন শুরু করে ডিএসই। ওয়েবসাইটের নতুন এ সংস্করণ চালুর পর থেকেই ওয়েবসাইটে প্রবেশ করতে বিড়ম্বনায় পড়েন বিনিয়োগকারীরা।
এদিকে ওয়েবসাইট ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছে ডিএসই। ডিএসইর উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিনিয়োগকারী তথা শেয়ারবাজার সংশ্লিষ্ট সকলের সুবিধার্থে ডিএসইর আইসিটি বিভাগ ওয়েবসাইটে উন্নত সংস্করণ চালু করেছে। এ কাজ করতে গিয়ে ১৯ ও ২০ আগস্ট ওয়েবসাইটটিতে সাময়িক সমস্যা হয়েছিল।
অনাকাঙ্ক্ষিত সাময়িক এ সমস্যার জন্য ডিএসই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। তবে ২৩ আগস্ট লেনদেনের শুরু থেকেই আইসিটি বিভাগের তত্ত্বাবধানে এই সমস্যার সমাধান করা হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট ব্রাউজ করতে যদি কোনো অসুবিধা হয় বা পেজ লোডিং এ যদি কোনো সমস্যা হয় বা সময় নেয় তবে ব্রাউজারের ক্যাশ/ হিস্ট্রি ক্লিয়ার করলে এ সমস্যার সমাধান হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএসই।
