অপকর্ম করতে স্বাধীনতাবিরোধীরা আগস্ট মাসকেই বেছে নেয়

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২২:০১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এদেশে অন্যায় অপকর্ম করতে স্বাধীনতাবিরোধী ও অগণতান্ত্রিক অপশক্তি বারবার আগস্ট মাসকেই বেছে নেয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট, ২০০৪ সালের ২১ আগস্ট এবং ২০০৭ সালের ২০-২৩ আগস্ট একই সূত্রে গাঁথা। এসব নৃশংস হত্যাকাণ্ড ও অমানবিক ঘটনার মদতদাতা ও কুশীলবরা মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী নয় উল্লেখ করে তিনি বলেন, এসব ষড়যন্ত্রকারীর ব্যাপারে সর্বদা সচেতন থাকতে হবে। গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এই ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করা হয়। স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন।

২০০৭ সালের ২০-২৩ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর ওপর সংঘটিত হয় অমানবিক ও বেদনার্ত ঘটনা। ঐ হামলার প্রতিবাদে ২৩ আগস্টকে কালো দিবস হিসেবে পালন করেন বিশ্ববিদ্যালয়। সেদিনের ঘটনার তাত্পর্য অনুধাবনের ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেছেন, সেদিনের এই অমানবিক ও অনভিপ্রেত ঘটনার জন্য তত্কালীন অনির্বাচিত ও অগণতান্ত্রিক সরকারের দুরভিসন্ধিই দায়ী। ক্যাম্পাসে সে সময় যে অরাজকতা চালানো হয়েছিল, সেটা ছিল আমাদের মহান স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। আর যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামানের সঞ্চালনায় সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যঅপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ইউজিসি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, ঢাবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. লুত্ফর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুঁইয়া, ডাকসুর সদ্য সাবেক সহসাধারণ সম্পাদক (এজিএস) মো. সাদ্দাম হোসেন, কারা নির্যাতিত ছাত্র জাহিদুল ইসলাম বিপ্লব, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলামসহ কর্মচারী সমিতি, কারিগরি কর্মচারী সমিতি ও চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।