যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার প্রবাসীর স্ত্রী গ্রেফতার

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২২:০৫

ইত্তেফাক রিপোর্ট

সাভারে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের জিঞ্জিরা এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া প্রবাসীর স্ত্রী খাদিজা আক্তারের কক্ষ থেকে ঐ যুবকের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত ঐ যুবকের নাম তাইজুল ইসলাম। সে রাজশাহী জেলার বাঘা থানার বাউশা হাকাটিপাড়া গ্রামের আবু তালেবের ছেলে। নিহত তাইজুল আশুলিয়ার পল্লিবিদ্যুত্ এলাকায় ভাড়া বাসায় থেকে একটি প্রসাধনসামগ্রীর কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে। এ ঘটনায় নিহত ঐ যুবকের ভাই বাদী হয়ে সাভার থানায় মামলা দায়ের করলে পুলিশ খাদিজা আক্তারকে গ্রেফতার করে। স্বামী বিদেশে থাকায় তিনি ভাড়া বাড়িতে থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাদিজা আক্তার দীর্ঘদিন ধরে ঐ বাড়িতে ভাড়া থাকলেও তিনি নিয়মিত এখানে বসবাস করতেন না। শনিবার বিকালে দেবর পরিচয়ে তাইজুল ইসলাম নামের এক যুবকে বাসায় নিয়ে আসেন খাদিজা। এর পর রাতে তাইজুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এসআই) অপূর্ব দত্ত জানান, নিহত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি এ এফ এম সায়েদ জানান, মামলায় খাদিজা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।