বন্দরের জেটিতে কাত হয়ে গেছে জাহাজ

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২২:৪২

চট্টগ্রাম বন্দরের ১১ নম্বর জেটিতে পানামা পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘ওইএল হিন্দ’ কাত হয়ে গেছে। রপ্তানি পণ্য বোঝাই ও খালি কন্টেইনার মিলে ৯৬৪ টিইইউস নিয়ে জাহাজটি গতকাল রবিবার সকালে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।

১৮৪ দশমিক ১০ মিটার লম্বা ও সাড়ে আট মিটার ড্রাফটের জাহাজটিতে কন্টেইনার লোড করার পর জাহাজটি ভারসাম্য হারিয়ে কাত হয়ে পড়ে। তাই জাহাজটিকে বন্দর ছেড়ে যাওয়ার অনুমতি দেয়নি বন্দর কর্তৃপক্ষ। ৫০০ টন ওজনের কন্টেইনার নামিয়ে জাহাজের ভারসাম্য ঠিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরে বন্দরের অভ্যন্তরীণ সার্ভেয়ারের মাধ্যমে জাহাজটি সমুদ্রে চলাচলের উপযোগী হলে বন্দর ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। জাহাজটির স্থানীয় এজেন্ট জিবিএক্স।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক ইত্তেফাককে বলেন, জাহাজের অভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে কাত হয়েছে। এখন টেকনিক্যাল লোক দিয়ে জাহাজটি তদন্ত করে দেখা হবে। এ ব্যাপারে একটি টেকনিক্যাল কমিটি করা হয়েছে। জাহাজটির কারণে অন্য জাহাজে পণ্য উঠানামায় কোনো সমস্যা হচ্ছে না।’