বউভাতে অতিথি শুধুই শিশুরা

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২২:৫১

নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের কোরানী পাড়া এলাকায় স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিকে অধ্যয়নরত শিশুদের বউভাত খাওয়ানোর ব্যতিক্রমী উদ্যোগ নেন সদ্যবিবাহিত নিরাত আল আশরাফী। গতকাল রবিবার ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত এলাকার আমন্ত্রিত শিশুদের খাওয়ানো হয় উন্নতমানের খাবার। হতদ্ররিদ্র পরিবারের ১০০ সুবিধাবঞ্চিত শিশু পেটভরে দুপুরে খাবার খেয়েছে এই বউভাত অনুষ্ঠানে।

স্থানীয় শিক্ষক আয়েশা সিদ্দিকা সুমি জানান, দুইটি স্কুলের শিক্ষার্থীদের খাওয়ানোর জন্য আমরা যোগাযোগ করি সেইফ ফাউন্ডেশনে। তারা আমাদের আহ্বানে সাড়া দেয় এবং প্রস্তুতি গ্রহণ করে। সে হিসেবে এক জনের বিয়ের বউভাত অনুষ্ঠান এখানে আয়োজন করে এবং দরিদ্র পরিবারের এই শিশুদের খাওয়ানোর উদ্যোগ নেয়। আমন্ত্রণ পাওয়া শিশুরা জানান, আমরা এখানে দুপুরে খেয়েছি। খুব ভালো খেয়েছি এবং মজা করেছি। ভাত, মাছ, মাংস, মিষ্টি ও কোক খেয়েছি।

স্থানীয় বাসিন্দা আয়েশা খাতুন বলেন, আমরা সচরাচর দেখি বউভাত আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের আমন্ত্রণ জানিয়ে খাওয়ানো হয়; কিন্তু এখানে ব্যতিক্রমী একটা অনুষ্ঠান হয়েছে। সেইফ ফাউন্ডেশনের প্রধান স্বেচ্ছাসেবক রাসেল আমিন স্বপন বলেন, সদ্য বিবাহিত নিরাত হতদরিদ্র শিশুর জন্য কিছু করতে প্রস্তাব দিলে তিনি বউভাতে শুধু তাদের খাওয়ানোর উদ্যোগ নেন।

তার উদ্যোগে এবং সেইফ ফাউন্ডেশনের প্রচেষ্টায় শহর ছেড়ে গ্রামের ১০০ সুবিধাবঞ্চিত শিশুকে বিয়ের উত্সবে দুপুরে খাওয়ানো হয়েছে। নিরাত আল আশরাফী ও ফারজানা ইয়াসমিন টেবিল ঘুরে নিজেই খাবার পরিবেশন করেছেন অনেক সময় এবং প্রয়োজন অনুসারে খাওয়ার পরামর্শ দিয়েছেন শিশুদের।

নিরাত আল আশরাফী জানান, ১৪ আগস্ট বিয়ে হয়েছে আমাদের। অনুষ্ঠান করা হয়নি। করোনাকালীন অনেকে কষ্টে রয়েছেন। বিশেষ করে দরিদ্র পরিবারের শিশুরা। সেইফ ফাউন্ডেশনের প্রস্তাবের পর বিয়ের আয়োজন হিসেবে বউভাত দরিদ্র পরিবারের শিশুদের সঙ্গে করার উদ্যোগ নেই।