সরকারের রাজকোষ শূন্য হয়ে গেছে ---------------রিজভী

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ০০:২০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্য হচ্ছে—অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়া দেশের কথা যেন কেউ জানতে না পারে। অর্থবছরের শুরুতেই সরকার গত ৪৩ দিনে ১১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। বাজেট ঘাটতি মেটাতে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে এ টাকা নেয়। এতেই প্রমাণিত হয় সরকারের রাজকোষ শূন্য হয়ে গেছে। রাজস্ব আহরণ কমে গেছে। রেমিট্যান্স আসা বিপুল পরিমাণে হ্রাস পেয়েছে। গতকাল রবিবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার দায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হলে ২০০৯ সালে পিলখানা বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের দায়ও বর্তায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরে । তিনি বলেন, মেগা প্রজেক্টসহ তথাকথিত উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ের নেতাকর্মীরা বিদেশে পাচার করেছে। তিনি বলেন, জেলা পর্যায়ের ছাত্র নেতারা যদি হাজার হাজার কোটি টাকা পাচারের সঙ্গে যুক্ত থাকে তাহলে জাতীয় পর্যায়ে ক্ষমতাসীন গোষ্ঠীর লোকেরা কত টাকার সমুদ্রে ভাসছেন সেটা এখন জানার বাকি।