করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছু দিন চিকিত্সাধীন থাকার পর শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন এনটিভির যুগ্ম-প্রধান বার্তা সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন—ডিইউজের (একাংশ) সাবেক সভাপতি ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য আবদুস শহীদ (৬৩)। গতকাল রবিবার রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জ্যেষ্ঠ এই সাংবাদিক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে রেখে গেছেন। গতকালই বাদ এশা লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামে তার প্রতিষ্ঠিত এতিমখানার পাশে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
২৮ জুলাই শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগেও ভুগছিলেন।
১৯৫৭ সালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামে আবদুস শহীদের জন্ম হয়। তিনি এনটিভিসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সাংবাদিকদের নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতীয় প্রেসক্লাব, ডিইউজে ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ (ডিআরইউ) বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে গেছেন তিনি।
আবদুস শহীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী। এছাড়াও শোক জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন—বিএফইউজের (একাংশ) সভাপতি রুহুল আমীন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন—ডিইউজের (একাংশ) সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামসহ অনেকে।
