সর্দি-কাশি নিয়ে ইমামবাড়ায় প্রবেশ নিষিদ্ধ

পবিত্র আশুরায় নিরাপত্তায় থাকবে পর্যাপ্ত পুলিশ

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ০০:২৩

পবিত্র আশুরা উপলক্ষ্যে আগামী ৩০ আগস্ট রাজধানীর ইমামবাড়াতে আগত সবাইকে মাস্ক পরে প্রবেশ করতে হবে। এছাড়া সর্দি-কাশি নিয়ে যাতে কেউ ইমামবাড়ায় প্রবেশ করতে না পারে সেজন্য আয়োজক কমিটিকে নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

গতকাল রবিবার ডিএমপি সদর দপ্তরে আশুরা উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, র্যাব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধি এবং লালবাগ, মিরপুর ও তেজগাঁও বিভাগের শিয়া সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় আয়োজক কমিটির উদ্দেশে স্বাস্থ্যবিধি সংক্রান্ত কিছু নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। এছাড়া করোনাকালীন বিশেষ পরিস্থিতিতে শিশু, অসুস্থ ও ৬০ বছরের বেশি বয়সের ব্যক্তিকে ইমামবাড়ায় প্রবেশে নিরুত্সাহিত করার নির্দেশনা দেন তিনি।

ডিএমপি কমিশনার জানান, নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। অনুষ্ঠানস্থলগুলো ডগ স্কোয়াড ও বোম ডিসপোজল ইউনিট দিয়ে সুইপিং করানো হবে। ইমামবাড়াসহ এর আশপাশে সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। মেটাল ডিটেক্টর দিয়ে ও ম্যানুয়ালি তল্লাশি করে আর্চওয়ের মধ্য দিয়ে সবাইকে ইমামবাড়ায় প্রবেশ করতে হবে।