দীর্ঘ ৩ বছর পর মেধাবী শিক্ষার্থী তানভির হাসান জানল জেএসসিতে সে বৃত্তি পেয়েছিল। এসএসসিতে ঐ মেধাবী শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এসএসসির মেধাতালিকা দেখার জন্য ইন্টারনেটে সার্চ দিলে সম্প্রতি তিনি জানতে পারেন জেএসসিতেও সে জেনারেল শাখায় বৃত্তি পেয়েছে।
মেধাবী শিক্ষার্থীর বৃত্তি পাওয়ার বিষয়টি গোপন করে রাখার ঘটনায় অভিভাবক মহলে ক্ষোভ বিরাজ করলে টনক নড়ে প্রশাসনের। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ছনকান্দা উচ্চ বিদ্যালয়ে।
উপজেলার ছনকান্দা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সনের জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মো. তানভির হাসান। তানভির দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী। তার পিতা দরিদ্র লাল মিয়া চা বিক্রি করে ছেলেকে লেখাপড়া করান। জেএসসিতে জেনারেল কোটায় তানভির বৃত্তি পাওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গোপন করে রাখে। মেধাবী শিক্ষার্থী বৃত্তির টাকা থেকে বঞ্চিত হয় সাথে সাথে হারিয়ে ফেলেন লেখাপড়ার প্রতি উৎসাহ। ২০১৯ সনে একই বিদ্যালয় থেকে তানভির এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার পর সম্প্রতি উপজেলায় নিজের মেধাতালিকা দেখার জন্য ইন্টারনেটে সার্চ দিলে জানতে পারে সে জেএসসিতেও বৃত্তি পেয়েছিল। মেধাবী শিক্ষার্থীর বৃত্তি পাওয়ার বিষয়টি গোপন করে বৃত্তির অর্থ আত্মসাতের বিষয়টি নিয়ে অভিভাবক মহলে ক্ষোভ বিরাজ করলে টনক নড়ে প্রশাসনে।
আরও পড়ুন: শিবচরের কাদিরপুর ইউনিয়নে বার্ষিক পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
মেধাবী শিক্ষার্থী তানভির হাসান জানান, বৃত্তি পাওয়ার বিষয়টি আগে জানলে লেখাপড়ার উৎসাহ বাড়তো।
শিক্ষার্থীর পিতা দরিদ্র লাল মিয়া বলেন, ‘কার কাছে বিচার দিমু স্যারেরা যদি ভুল করেন।’
ছনকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল তরফদার জানান, আমাদের ভুল হয়েছে। আমরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, প্রধান শিক্ষক বিষয়টি শেষ করার জন্য ২ দিন সময় নিয়েছেন। ২ দিনের মধ্যে বিষয়টি সুরাহা না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এএএম
