ইত্তেফাক রিপোর্ট
শিল্প মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন মন্ত্রণালয়ে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। তিনি বলেন, দুর্নীতিমুক্ত করার বিষয়ে জাতির কাছে আমাদের অঙ্গীকার রয়েছে। এটি একটি বিশাল মন্ত্রণালয়। আগামী দিনে শিল্প মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ডে দুর্নীতির বিরুদ্ধে জোরালো অবস্থানের প্রতিফলন ঘটবে। শিল্প মন্ত্রণালয়ে কোনো অবস্থায় দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। গতকাল মঙ্গলবার নতুন মন্ত্রীর দায়িত্ব গ্রহণকালে তিনি এসব কথা বলেন। রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সদ্য বিদায়ী মন্ত্রী আমির হোসেন আমু ছাড়াও মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগ, করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন শিল্পমন্ত্রী বিগত দশ বছরে মন্ত্রণালয়ের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বিদায়ী শিল্পমন্ত্রীর মূল্যবান পরামর্শ কামনা করেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর শিল্প দর্শনের আলোকে সবাইকে আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চান। শিল্প মন্ত্রণালয় এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে। প্রধানমন্ত্রীর অঙ্গীকার পূরণের লক্ষ্যে নতুন মন্ত্রীকে সহযোগিতা করতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তাঁর দায়িত্ব পালনকালে রাজধানীর হাজারীবাগ থেকে চামড়া শিল্প সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীতে সরিয়ে নেওয়ার কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত শিল্প সচিব মো. আবদুল হালিম। এ সময় বিগত দশ বছরে শিল্প মন্ত্রণালয় অর্জিত সাফল্য, মন্ত্রণালয়ের চ্যালেঞ্জ ও ভবিষ্যত্ পরিকল্পনা তুলে ধরেন শিল্প সচিব।
