ইত্তেফাক রিপোর্ট
প্রপার্টি পোর্টাল ‘লামুদি ডটকম ডটবিডি’ অধিগ্রহণ করার ঘোষণা দিয়েছে দেশের রিয়েল এস্টেট মার্কেটপ্লেস বিপ্রপার্টি ডটকম। গতকাল মঙ্গলবার রাজধানীর এক হোটেলে এ বিষয়ে ঘোষণা দেন বিপ্রপার্টি ডটকম-এর সিইও মার্ক নসওয়ার্দি। এর মাধ্যমে এখন থেকে লামুদি ডটকম ডটবিডি-এর গ্রাহক এবং রিয়েল এস্টেট ডেভেলপাররা বিপ্রপার্টি ডটকম-এর সব ধরনের সার্ভিস ব্যবহার করতে পারবেন।
মার্ক বলেন, বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে এমন একটি কোম্পানি প্রয়োজন যার একমাত্র লক্ষ্য থাকবে প্রপার্টি কেনাবেচায় নিরাপত্তা এবং প্রপার্টি সম্বন্ধে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা। এর অভাবে এখনো বাংলাদেশের রিয়েল এস্টেট খাত অনেকাংশে পিছিয়ে আছে। বিপ্রপার্টি ডটকম এই অভাব পূরণের চেষ্টায় সবসময় কাজ করে যাচ্ছে। ক্রেতা-বিক্রেতা, বাড়িওয়ালা-ভাড়াটিয়া সবাই যেন আমাদের কাজের ওপর আস্থা রাখতে পারে সেই লক্ষ্যে আমরা বদ্ধপরিকর।
এসময় জানানো হয়, রিয়েল এস্টেট খাতে গ্রাহকরা যেন প্রপার্টি সম্পর্কিত যেকোনো প্রয়োজনে নিজের পছন্দমতো সিদ্ধান্ত নিতে পারেন সেটাই বিপ্রপার্টি ডটকম-এর মূল লক্ষ্য। ভাড়া দেওয়া ও বিক্রি করার জন্য বর্তমানে ২৫ হাজারেরও বেশি প্রপার্টির তথ্য দেওয়া আছে বিপ্রপার্টি ডটকম-এর ওয়েবসাইটে। ফলে গ্রাহকরা যেমন সহজেই তাদের পছন্দমতো প্রপার্টি বেছে নেয়ার সুবিধা পাচ্ছেন তেমনই বাড়িওয়ালারাও সহজেই তাদের বাড়ি বিক্রি বা ভাড়া দেওয়ার সুযোগ পাচ্ছেন। বিপ্রপার্টি ডটকম-এর সিইও মার্ক নসওয়ার্দি বলেন, বিপ্রপার্টি ডটকম সমপ্রতি ভার্চুয়াল ট্যুর নামে একটি ফিচার এনেছেন, যার মাধ্যমে গ্রাহকরা তার পছন্দের প্রপার্টিটি ঘরে বসেই দেখতে পারবেন এবং এক্ষেত্রে কোনো ধরনের অলঙ্করণও থাকবে না। প্রপার্টিটি ঠিক যেভাবে আছে সেভাবেই দেখতে পারবেন, যার মাধ্যমে গ্রাহকদের পছন্দের প্রপার্টি বেছে নিতে আরও সুবিধা হয়।
