মাশরাফির বোলিংয়ে উড়ে গেল কুমিল্লা

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২১:৫৭

জীবনের পটে নতুন রঙ লাগলেও মাশরাফি বিন মুর্তজা ২২ গজে ঠিক আগের মতোই ক্ষুরধার আছেন। গতকাল মিরপুর স্টেডিয়ামে ৩৫ বছর বয়সী মাশরাফির বোলিং আগুনে পুড়ে ছাই হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নড়াইল এক্সপ্রেসের ক্যারিয়ার সেরা বোলিংয়ে গতকাল কুমিল্লাকে নয় উইকেটে পরাজিত করেছে রংপুর রাইডার্স। ১১ রানে চার উইকেট নিয়ে ম্যাচ সেরাও হন মাশরাফি।

তিন ম্যাচে রংপুরের এটি দ্বিতীয় জয়। দুই ম্যাচে কুমিল্লার প্রথম হার। প্রথমে ব্যাট করে ১৬.২ ওভারে ৬৩ রানে অলআউট হয় কুমিল্লা। জবাবে ১২ ওভারে এক উইকেটে ৬৭ রান তুলে ম্যাচ জিতে নেয় রংপুর। প্রথম ম্যাচ খেলতে নামা গেইলকে (১) ফেরান বাঁহাতি পেসার আবু হায়দার রনি। মেহেদী মারুফ অপরাজিত ৩৬, রাইলি রুশো অপরাজিত ২০ রান করেন।

এর আগে টসে হেরে ব্যাটিং করা কুমিল্লাকে শুরুতেই কাঁপিয়ে দেন মাশরাফি। তার ছোবলে সাবেক চ্যাম্পিয়নদের ব্যাটিং লাইন যেন ধ্বংসস্তূপ হয়ে পড়ে। ১৮ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে কুমিল্লা। শুরুতে তামিম ইকবাল (৪), এভিন লুইস (৮), ইমরুল কায়েস (২) মাশরাফির শিকার হন। শোয়েব মালিককে (০) শফিউল ও স্মিথ (০) মাশরাফির চতুর্থ শিকার হন। ৪ ওভারে ১ মেডেনসহ ১১ রানে চার উইকেট নিয়ে কুমিল্লাকে খাদের কিনারে ঠেলে দেন নড়াইল এক্সপ্রেস।

সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি কুমিল্লা। শহীদ আফ্রিদি ২৫ রান করেন। শেষ দিকে শফিউল ও নাজমুল ইসলাম অপু মিলে গুটিয়ে দেন প্রতিপক্ষের ব্যাটিং লেজ। নাজমুল অপু তিনটি, শফিউল দুটি ও ফরহাদ রেজা একটি করে উইকেট পান।