ওসি প্রদীপসহ সাত পুলিশ সদস্য আবার রিমান্ডে

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২২:৪৩

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত হওয়া ওসি প্রদীপ, লিয়াকত, নন্দ দুলালসহ পুলিশের সাত সদস্যের ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার বিকাল পৌনে ৪টার দিকে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১৫-এর এএসপি খায়রুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে সোয়া ৩টার দিকে মূল অভিযুক্ত ওসি প্রদীপসহ তিন জনকে আগের সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে র্যাব।

তদন্ত কর্মকর্তা বলেন, সিনহা হত্যা মামলার বেশ অগ্রগতি হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে আসামিদের আরো জিজ্ঞাসাবাদ করা দরকার। তাই প্রথম সাত দিনের রিমান্ড শেষে আজ (সোমবার) আদালতে তোলা হলে শুনানি শেষে বিচারক সবার চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডপ্রাপ্ত অন্য চার পুলিশ সদস্য হলেন :বহিষ্কৃত কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়া।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার পর পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় দুটি ও রামু থানায় একটি মামলা করে। এছাড়া আদালতে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। এতে ৯ জনকে আসামি করা হয়। এর মধ্যে সাত জনকে দ্বিতীয় দফা রিমান্ডে নেওয়া হলো। অন্য দুই আসামি মোস্তফা ও টুটুল পলাতক রয়েছেন। তবে এই নামে কোনো পুলিশ সদস্য কক্সবাজারে কর্মরত নেই বলে জানিয়েছে জেলা পুলিশ। এ  দুই আসামির পরিচয় শনাক্তে জেলা পুলিশের সহযোগিতা চেয়ে আবেদন করেছে র্যাব।