নামের মিলে...

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০০:৩৩

দণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামির সঙ্গে নামের মিল থাকায় ভোলার মো. লিটনের কারাগারে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে লিটনের পরিচয় নিশ্চিতকরণে তাকে সশরীরে অথবা ভার্চুয়ালি হাইকোর্টে হাজির, তাত্ক্ষণিক মুক্তি দেওয়া এবং তার আটকাদেশ অবৈধ ঘোষণার আবেদন জানানো হয়েছে। বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টে ভার্চুয়াল বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।

গতকাল সোমবার মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং লিটন এ রিট করেন। গত ২২ আগস্ট একটি জাতীয় দৈনিকে ‘শুধু নাম ঠিকানার মিলে জেল খাটছেন দিনমজুর’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, দুই জনেরই নাম মো. লিটন। বাবার নাম, গ্রাম, ইউনিয়ন, উপজেলা ও জেলার নামও এক। পার্থক্য শুধু বয়সে। এক জনের অপরাধে প্রায় আট মাস ধরে কারাগারে রয়েছেন আরেকজন। সাজাপ্রাপ্ত আসামি মো. লিটনের বয়স ৪১ বছর, আর যিনি জেল খাটছেন তার বয়স ৩০ বছর। তবে পুলিশের দাবি গ্রেফতার হওয়া লিটন একবারের জন্যও বলেননি যে তিনি আসামি নন। দুই লিটনেরই বাবার নাম নুর ইসলাম। তারা মারা গেছেন। দুই জনেরই বাড়ি ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামে। রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, কারা মহাপরিদর্শক, ভোলার পুলিশ সুপার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।