বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) বহরে যুক্ত হচ্ছে আরো ছয়টি জাহাজ। এ লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। এগুলোর মধ্যে চারটি অয়েল ট্যাংকার ও দুইটি বাল্ক ক্যারিয়ার। অয়েল ট্যাংকারগুলোর মধ্যে দুইটির ধারণক্ষমতা প্রতিটি ১ লাখ ১৪ হাজার টন ও অন্য দুইটির ৮০ হাজার টন। বাল্ক ক্যারিয়ারের (জাহাজ) প্রতিটির ধারণক্ষমতা ৮০ হাজার টন। সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বিএসসির ৩০৫তম পরিচালনা পর্ষদের সভায় এসব তথ্য জানানো হয়।
১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিএসসি প্রতিষ্ঠার পর ‘বাংলার দূত’ ও ১৯৭৩ সালে ‘বাংলার সম্পদ’ অর্জনের মাধ্যমে বিএসসি সর্বমোট ৩৮টি জাহাজ সংগ্রহ করে। বয়সজনিত কারণে এবং বাণিজ্যিকভাবে অলাভজনক বিবেচিত হওয়ায় বিভিন্ন পর্যায়ে ৩৬টি জাহাজ বিক্রয়/হস্তান্তরের পর দুইটি জাহাজ রয়েছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বিএসসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খালিদ মাহমুদ চৌধুরী এমপির সভাপতিত্বে বৈঠকে পরিচালনা পর্ষদের সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম আহসান, অর্থ বিভাগের যুগ্মসচিব শেখ মোমেনা মনি, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির, বিএসসির নির্বাহী পরিচালক অর্থ, বাণিজ্য ও প্রযুক্তি উপস্থিত ছিলেন।
