গজারিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে সভা করেছে বালুয়াকান্দি ইউনিয়নের বাসিন্দারা। গতকাল উপজেলার মুদারকান্দি গ্রামে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগ নেতা হাফিজুর রহমান খান, গজারিয়া থানার ওসি ইকবাল হোসেন, বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিব উল্লাহ্, সাধারণ সম্পাদক আল-আমিন প্রধান প্রমুখ। বক্তারা বলেন, রাতের আঁধারে মেঘনা উপজেলার সন্ত্রাসীরা বালু কেটে নিয়ে যায়। বাধা দিতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েক জন। নির্বিচারে বালু কেটে নেওয়ায় ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। প্রতিকারের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিনিধিদল আজ কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ করার কথা।
