বিচারপতি সিনহার মামলায় আরো তিন জনের সাক্ষ্যগ্রহণ

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০০:১৫

ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে ৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় রাষ্ট্রপক্ষে আরো তিন জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্যগ্রহণ শেষে পহেলা সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে আদালত।

গতকাল রাষ্ট্রপক্ষের সাক্ষী মামলার রেকর্ডিং অফিসার দুদকের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম, ফারমার্স ব্যাংকের গুলশান শাখার অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মৃণাল মজুমদার ও একই শাখার এক্সিকিউটিভ অফিসার রেজাউল হাসান আদালতে সাক্ষ্য দেন।

গত ১৮ আগস্ট মামলার বাদি দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এই মামলায় প্রথম সাক্ষ্য দেন। এখন পর্যন্ত মামলাটিতে চার জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এর আগে ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।