২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি থাকলেও এক বছর আগেই বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। প্রশ্ন উঠছে, মেসি ক্লাব ছাড়লে কোথায় যাবেন? বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, মেসিকে নেওয়ার জন্য পিএসজি, ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলি মুখিয়ে রয়েছে। তবে ম্যানচেস্টার সিটির দিকেই পাল্লা ভারী বলে মনে করছেন অনেকে। কারণ ম্যান সিটির-র কোচ পেপ গার্দিওলা। তাঁর কোচিংয়েই জীবনের সেরা সময় কাটিয়েছেন মেসি।
রেডিও কাতালুনিয়ার সাংবাদিক হাভি কাম্পোস দাবি করেছেন, ম্যান সিটিতে যাওয়ার ব্যাপারে গার্দিওলার সঙ্গে মেসির বেশ কয়েক বার কথা হয়েছে। সাংবাদিক মার্সেলো বেকলারও বলছেন, ম্যান সিটিতে যেতে পারেন মেসি। তবে কি স্প্যানিশ ফুটবল ছেড়ে মেসির নতুন ঠিকানা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব?
ইপিএল-এর ক্লাবের বিরুদ্ধে মেসির রয়েছে দুটো হ্যাট্রিক। আর্সেনাল ও ম্যান সিটির বিরুদ্ধে হ্যাট্রিক করেছেন তিনি। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো ইংলিশ ক্লাবের বিরুদ্ধে করেছেন মাত্র একটি হ্যাট্রিক। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর বিরুদ্ধে গোলও রয়েছে আর্জেন্টাইন মহানায়কের।
রোনালদো স্পেন ছেড়ে আগেই চলে গিয়েছেন ইতালি। মেসিরও চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, সব দিক দেখলে ম্যান সিটিই মেসির জন্য আদর্শ। শেষ পর্যন্ত কি গুরু-র কাছেই ফিরছেন প্রিয় শিষ্য? বল পায়ে মেসি ধাঁধা। তাঁর নতুন ঠিকানার ধাঁধারও এখনও সমাধান মেলেনি।
ইত্তেফাক/এসআই
