জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪ তম প্রয়াণ দিবস আজ। বিশেষ এই দিনটিকে ঘিরে থাকে বিভিন্ন চ্যানেলে নানা আয়োজন। কাজী নজরুল ইসলামের ‘ঝিলিমিলি’ নাটক অবলম্বনে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘পূবের জানালা রুদ্ধ’। সেই নাটকের গল্প ও অন্যান্য বিষয় নিয়ে লিখেছেন
ফয়জুল আল আমীন
বাউন্ডুলে কবি হাবিব আর মির্জা বাড়ির মেয়ে ফিরোজা—একজন আরেকজনকে ভালোবাসে। হাবিব বিএ পাশ করতে পারেনি। কবিতা লেখে, বাঁশি বাজায়। এজন্য মির্জা সাহেব হাবিবকে পছন্দ করেন না। ফিরোজাকে জানিয়ে দেন হাবিব বিএ পাশ না করা পর্যন্ত তার সঙ্গে বিয়ে হবে না। এদিকে, ফিরোজা কঠিন এক ব্যাধিতে আক্রান্ত। ডাক্তার জানিয়েছেন, তার সময় বেশি নেই। হাবিবের বাঁশির সুর শোনা যায় বলে মির্জা সাহেব ফিরোজার ঘরের পূর্ব পাশের জানালাটা সবসময় বন্ধ করে রাখেন। মৃত্যুশয্যায় থাকা ফিরোজা বাবাকে অনুরোধ করে শেষবারের মতো জানালাটা খুলে দিতে—এমনি গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘পূবের জানালা রুদ্ধ’। কাজী নজরুল ইসলামের ‘ঝিলিমিলি’ নাটক অবলম্বনে এই নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রশান্ত অধিকারী। এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, লাবন্য লিজা, রহমত আলী, লায়লা হাসান প্রমুখ। নাটকে অভিনয় প্রসঙ্গে আজাদ আবুল কালাম বলেন, ‘কবি নজরুলের গল্পের এ নাটকে আমি হাবিবের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি খুব সুন্দর। নির্মাতাও বেশ যত্ন নিয়ে নাটকটি বানিয়েছেন। আশা করি, দর্শকের কাছে নাটকটি ভালো লাগবে।’ কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে আজ (বৃহস্পতিবার) রাত ৮টায় প্রচারিত হবে নাটক ‘পূবের জানালা রুদ্ধ’।
