নারী সুরক্ষা বিষয়ক তথ্যচিত্রে

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১৮:৫৮

মা হ মু দু ল  আ মি ন

 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত অভিনেত্রী জাকিয়া বারী মম। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে মম তার অনবদ্য অভিনয় দিয়ে এদেশের নাটক, সিনেমাপ্রেমী দর্শককে মুগ্ধ করে আসছেন। অভিনয়ে দীর্ঘদিনের পথচলায় মম নিজেকে অনেকটাই পরিপূর্ণ করে তুলেছেন। যে কারণে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং কাজে মম’র প্রতি এখন নির্মাতাদের অনেকটা ভরসা। একজন অভিনেত্রী হিসেবে শুধু অভিনয় করেই তৃপ্ত মম, এমনটি নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন মম। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি সহযোগিতার হাত নিয়ে। সমাজের মানুষদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন ধরনের তথ্যচিত্রেও অভিনয় করেছেন। সেই ধারাবাহিকতায় এবার একেবারেই ভিন্ন প্রসঙ্গের একটি তথ্যচিত্রে অভিনয় করেছেন। বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে চলাফেরা করতে গিয়ে বিশেষত পাবলিক প্লেসে নারীকে হয়রানির শিকার হতে হয়। সেই হয়রানি থেকে নারীর নিজেকে সুরক্ষা করতে নির্মাতা আব্দুল কুদ্দুস ‘পাবলিক প্লেসে নারীর সুরক্ষা’ শীর্ষক একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন। এই তথ্যচিত্রেই মম গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এরইমধ্যে রাজধানীর বিভিন্ন পাবলিক প্লেসে গত ২৩ আগস্ট তথ্যচিত্রটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছেন বলে জানান আব্দুল কুদ্দুস। তথ্যচিত্রটির গল্প রচনা করেছেন রিফাত। কেন মমকে নিয়ে এই তথ্যচিত্রটি নির্মাণ করেছেন—এমন প্রশ্নের জবাবে আব্দুল কুদ্দুস বলেন, ‘মম একজন গুণী অভিনেত্রী। আমি তাকে দীর্ঘদিন ধরেই চিনি, জানি। তারমধ্যে সমাজের মানুষের জন্য কাজ করার আকুলতা আমি আগেই লক্ষ করেছি। নিজের অবস্থানে থেকে মম নারীদের জন্য বিশেষ কাজ করারও আগ্রহ তার প্রবল। এ কারণেই তাকে নিয়ে কাজটি করা। মম তার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। আমার বিশ্বাস পাবলিক প্লেসে নারীর সুরক্ষা তথ্যচিত্রটিতে মম’র আহ্বানে নারীরা আরো অধিক সচেতন হয়ে ওঠবেন।’ জাকিয়া বারী মম বলেন, ‘আমি একজন নারী। তাই নারীকে নিজের সুরক্ষার জন্য আরো অনেক বেশি সচতেন করে তুলতে এই তথ্যচিত্রে আমি অনেক বেশি আগ্রহ নিয়ে কাজ করেছি। কিছু কাজের প্রতি মনের গভীর থেকে অনেক ভালোবাসা নিয়েই করা হয়ে থাকে। এই কাজটিও ঠিক তেমনি একটি কাজ। একজন নারী হিসেবে আমার দায়িত্বের জায়গা থেকে কাজটি করা। তাছাড়া এই ধরনের কাজ করতে পারাটাও অনেক বড় প্রাপ্তি। কারণ দেশে আরো অনেক অভিনেত্রীই আছেন, সুযোগটা অন্য কেউ নিশ্চয়ই পেতে পারতেন। সৌভাগ্য বলেই কাজটি আমারই করতে পারা। আমার বিশ্বাস এই তথ্যচিত্রটি পাবলিক প্লেসে নারীদের আরো অধিক বেশি সচেতন হতে উত্সাহিত করবে। সেইসঙ্গে আমি বিশ্বাস করি পাবলিক প্লেসে নারীর সুরক্ষায় অবশ্যই পুরুষরাও নির্বিঘ্নে এগিয়ে আসবেন।’ শিগগিরই বিভিন্ন চ্যানেলে এই তথ্যচিত্রটি প্রচারে আসবে। এদিকে গত ঈদে তিনটি ভিন্ন চ্যানেলে প্রচারিত তিনটি নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে। নাটকগুলো হলো আনিসুর রহমান মিলন পরিচালিত নাটক ‘মুনিরা মঞ্জিল’, সকাল আহমেদ পরিচালিত ‘বক্কর এখন ব্যাংকার’ এবং হাবীব শাকিল পরিচালিত ‘ঈদের ডায়েট’।