‘অসত্ উদ্দেশে দ্বিতীয়বার ভোটার হন ডা. সাবরিনা’

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২২:১৪

কোভিড-১৯ টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার ডা. সাবরিনা অসত্ উদ্দেশ্যে তথ্য গোপন করে দ্বিতীয়বার ভোটার হওয়ার তথ্য পাওয়া গেছে। ডা. সাবরিনা একজন প্রভাবশালীর রেফারেন্সে ভিন্ন ঠিকানার কাগজপত্র দিয়ে ভোটার হয়েছেন। বুধবার এসব তথ্য উল্লেখ করে ইসির সিনিয়র সচিবের কাছে প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি। যদিও ঐ রিপোর্ট গ্রহণ করেননি সচিব। আবারও রিপোর্ট দিতে বলা হয়েছে।

এর আগে বুধবার দুপুরে এ বিষয়ে জানতে চাইলে সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। কেন বা কীভাবে তিনি দ্বিতীয়বার ভোটার হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত তাও বের করার নির্দেশ দেওয়া হয়েছে। কেননা দুই জায়গায় ভোটার হওয়া অপরাধ।

ইসির তদন্তে দেখা গেছে, ২০০৯ সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করা হয়। তখন নিজ ঠিকানায় ভোটার হন ডা. সাবরিনা। পরে ২০১৬ সালে গুলশান থানা নির্বাচন অফিসে গিয়ে আবারও ভোটার হন তিনি। তখন অনেক তথ্য গোপন করেন। জমা দেন অসত্য তথ্য। তবে প্রথমবারে তার আঙ্গুলের ছাপ অস্পষ্ট থাকায় দ্বিতীয়বার ভোটার হওয়ার সময়ে তাকে শনাক্ত করা যায়নি।

ডা. সাবরিনার দুইটি জাতীয় পরিচয়পত্রই বর্তমানে সচল। জাতীয় পরিচয়পত্র দুইটিতে ভিন্ন তথ্য ব্যবহার করা হয়েছে। এর একটিতে জন্ম তারিখ ২ ডিসেম্বর ১৯৭৮। অপরটিতে ২ ডিসেম্বর ১৯৮৩। এক্ষেত্রে বয়স পাঁচ বছর কমানো হয়েছে। দুইটি এনআইডিতে স্বামীর নামও ভিন্ন। একাধিক স্থায়ী ও বর্তমান ঠিকানা ব্যবহার করে ভোটার হন সাবরিনা।