কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান মাহফুজুর রহমান রিমুকে (৩৫) আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় রিমুর কর্মস্থল থেকে স্থানীয় থানা পুলিশ আটক করে।
জানা গেছে, মাহফুজুর রহমান রিমু দীর্ঘদিন ধরে করোনার ভুয়া সনদ দিয়ে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ডিবি ও মিরপুর থানা পুলিশ মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ঘটনায় কুষ্টিয়ার সিভিল সার্জন এএইচএম আনোয়ারুল ইসলাম বাদী হয়ে প্রতারণা ও জালিয়াতির ৪২০/৪০৬/৪৬৬/৪৭১ ধারায় একটি মামলা দায়ের করেন। যার নং ২৫, তারিখ ২৬/০৮/২০২০ইং।
মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আরা পারভিন বলেন, করোনার ভুয়া সনদ দিয়ে মাহফুজুর রহমান রিমু জালিয়াতি করছিল এমন অভিযোগের প্রেক্ষিতে কুষ্টিয়ার সিভিল সার্জন এএইচএম আনোয়ারুল ইসলাম তদন্তে আসলে অভিযোগের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন, আসামি মাহফুজুর রহমান রিমু পুলিশের হেফাজতে রয়েছে।
ইত্তেফাক/বিএএফ
