উইসকনসিনে কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করা পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০৯:৫০

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে কৃষ্ণাঙ্গ যুবক জেকব ব্ল্যাককে গুলি করা পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করা হয়েছে। বুধবার উইসকনসিনের অ্যাটর্নি জেনারেল জশ কোল সাংবাদিকদের কাছে এই নাম জানান।

জশ কোল বলেন, জেকব ব্ল্যাক গাড়ির দরজা খোলার সময় পুলিশ কর্মকর্তা রোস্টেন শাস্কে তাকে লক্ষ্য করে সাতবার গুলি করেন। ব্ল্যাকের গাড়ি থেকে একটি ছুরি পাওয়া গেছে। তবে অন্য আর কোনো অস্ত্র পাওয়া যায়নি।  

 পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক জেকব ব্ল্যাক গুরুতর আহত হওয়ার প্রতিবাদে আন্দোলন ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে।  মঙ্গলবার আন্দোলন চলাকালে  উইসকনসিনে অস্ত্রধারীদের গুলিতে দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় বুধবার ১৭ বছর  বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে বলে জানা গেছে।  

এদিকে পুলিশের গুলিতে গুরুতর আহত কৃষ্ণাঙ্গ যুবক জেকব ব্ল্যাক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার জ্ঞান ফিরেছে। তবে তার আইনজীবী জানিয়েছে আশ্চর্য কিছু না ঘটলে সে আর হাঁটতে পারবে না। 
   
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের কেনোশা শহরে নতুন করে শুরু হওয়া বর্ণবাদবিরোধী আন্দোলন ঠেকাতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছেন । এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, তারা যুক্তরাষ্ট্রের রাস্তায় লুটপাট, অগ্নিসংযোগ, সংঘর্ষ এবং আইনবিরোধী কাজের বিরুদ্ধে লড়াই করবে। 

 জেকব ব্ল্যাককে গুলি করার ঘটনা তদন্তের জন্য  একটি কেন্দ্রীয় তদন্ত কমিটিকে দায়িত্ব দিয়েছে মার্কিন বিচার বিভাগ। এ নিয়ে এক মুখপাত্র বলেন, কেনোশা শহরে এ পর্যন্ত ২০০ জন এফবিআই প্রতিনিধি পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/এআর