কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মধ্য গোবরিয়া গ্রামের বিধবা জুমেলা খাতুনকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ও দুইজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম আজ বৃহস্পতিবার প্রদত্ত রায়ে একই গ্রামের আবু তাহেরকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং মিজানুর রহমান ও নজরুল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। সাক্ষ্য-প্রমাণের অভাবে মামলার অপর আসামি মজিবুর রহমান মজনুকে বেকসুর খালাস প্রাদন করা হয়। আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়।
মামলার বিবরণে প্রকাশ, ২০০৮ সালের ১৮ মার্চ দিবাগত রাতে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে আসামিরা জুমেলা খাতুনের ঘরে ঢুকে তাকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ব্যাপারে ১০ জনকে আসামি করে প্রথমে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে অপরাধ তদন্ত বিভাগ(সিআইডি) মামলাটির তদন্তভার গ্রহণ করে তদন্তশেষে ২০১১ সালের ২১ মার্চ ইন্সপেক্টর কাজী কামালউদ্দিন আদালতে পাঁচ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি সৈয়দ সাজাহান এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস।
