বিহারীদের মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের হুমকি

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২২:২৫

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর পল্লবীতে ৪০/৫০ জন বিহারীসহ ১৭৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করা হলে লাগাতার কর্মসূচিসহ বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুমকি দিয়েছে উর্দু স্পিকিং পিপলস ইউথ রেহ্যাবিলিটেশন মুভমেন্ট (ইউএসপিওয়াইআরএম)। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ হুমকি দেন। উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি সাদাকাত খান ফাক্কু, সাধারণ সম্পাদক সাহেদ আলী বাবলু, সহ-সভাপতি আবদুর রাশেদ খান বীরেন, যু্গ্ম সাধারণ সম্পাদক মোক্তার আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাকিল মঞ্জুর, সদস্য রেজা খান প্রমুখ।

বক্তারা বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিহারীদের পুনর্বাসন না করেই উচ্ছেদের ষড়যন্ত্র করা হচ্ছে বিভিন্ন সময়। কিন্তু আমরা সব সময় এই উচ্ছেদ ও দখলবাজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। যে কারণে নিরীহ ক্যাম্পবাসীসহ ১৭৩ জনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে মামলা দেওয়া হয়েছে।