ক্রমেই পুরোদমে দলগত অনুশীলনের পথে এগোচ্ছে বাংলাদেশ দল। করোনাকালে ক্রিকেটাররা একাকী অনুশীলন করেছেন প্রায় চার সপ্তাহ। গত ২৬ আগস্ট থেকে চলছে গ্রুপ ধরে অনুশীলন। এবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে ব্যাটিং, বোলিং শুরু করবেন ক্রিকেটাররা। আগামী সপ্তাহ থেকেই যেটি দৃশ্যমান হবে। এজন্য শেরেবাংলার উইকেটগুলো প্রস্তুত করা হচ্ছে। ইতিমধ্যে গ্রাউন্ডসম্যানরা কাজ শুরু করে দিয়েছেন।
গতকাল এই তথ্য জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেছেন, ‘আগামী সপ্তাহ থেকে সেন্টার উইকেটে অনুশীলন হবে। এজন্য উইকেট প্রস্তুত করতে বলা হয়েছে। উইকেট তৈরি করা শুরু হয়েছে। চার-পাঁচ জন করে অনুশীলন করবে ক্রিকেটাররা।’
শ্রীলঙ্কায় তিন টেস্টের সিরিজের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হবে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে। এক সপ্তাহ অনুশীলন করেই লঙ্কায় উড়াল দিবে মুমিনুল হকের দল।
এদিকে গতকালও মিরপুরে গ্রুপ হয়ে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। ব্যাটিং করতে গিয়ে হাতে হালকা ব্যথা পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও সেটি গুরুতর নয়। কারণ কিছুক্ষণ পরই আবার ব্যাটিং করেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
