কালিহাতীর পুংলি সেতুর অ্যাপ্রোচ সড়কে ধস

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২১:১৫

কালিহাতীর পুংলি সেতুর অ্যাপ্রোচ সড়কে ধস দেখা দিয়েছে। বুধবার বিকাল থেকে এই ধস শুরু হয়। ইতিমধ্যে সেতুর অ্যাপ্রোচ সড়কের ১৫ মিটার অংশ ধসে গেছে। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

স্থানীয়রা জানান, নদীর পানি কমতে থাকায় সেতুর দক্ষিণ পাশের অ্যাপ্রোচ সড়কে ধস দেখা দেয়। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে প্রতি বছরই এই ধস দেখা দেয় বলেও জানান তারা।

টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, মহাসড়কের উন্নয়নের কাজ একটা প্রকল্পের অধীনে রয়েছে। তাদের জানানোর পর তারা বৃহস্পতিবার সকাল থেকে বালুর বস্তা ফেলে ধস রোধের চেষ্টা করছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, বিষয়টি আমি অবগত হয়েছি। যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে।