মেহেরপুরে কৃষক হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২১:১৮

মেহেরপুরে ফেরদৌস আলী নামে এক কৃষককে হত্যার দায়ে কাবিদুল ইসলাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস এ আদেশ দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আসামি কাবিদুল সদর উপজেলার রাজাপুর গ্রামের সাবদার আলীর ছেলে। রায় ঘোষণার সময় সে উপস্থিত ছিল।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৭ জুলাই সন্ধ্যায় ঘাস কাটাকে কেন্দ্র করে কাবিদুল ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে ফেরদৌসকে। এ মামলায় সাত জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। মামলার সাক্ষ্য ও নথি পর্যবেক্ষণ শেষে আদালত আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন শহিদুল ইসলাম।