রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দীর্ঘ ২৩ ঘণ্টা বন্ধ থাকার পর লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ঐ নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এর আগে গত বুধবার (২৬ আগস্ট) বৈরী আবহাওয়া ও নদীতে তীব্র স্রোতের কারণে সকাল ৯টা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক আফতাব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈরী আবহাওয়া ও তীব্র স্রোতের কারণে পদ্মা নদীর পানি উত্তাল হয়ে উঠায় নদীতে ২ নম্বর বিপত্সংকেত ও সমুদ্রবন্দরে ৩ নম্বর বিপত্সংকেত চলার কারণে গত বুধবার সকাল ৯টা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ফের লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়েছে।
