গ্রাহকের প্রায় ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডাক বিভাগের দুই কর্মকর্তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ডাক বিভাগের অডিট শাখা কর্মকর্তারা। আটক দুই জন চট্টগ্রাম জিপিওর সঞ্চয় বিভাগে কর্মরত আছেন। এদের মধ্যে একজনের কাছ থেকে ২১ লাখ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গত বুধবার রাতে নগরীর কোতোয়ালী থানার জিপিও কার্যালয়ে আকস্মিক অভিযান চালান ডাক বিভাগের অভ্যন্তরীণ অডিট শাখার কর্মকর্তারা। অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ার পর বুধবার রাতেই তাদের কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়।
আটক দুই কর্মকর্তা হলেন, সঞ্চয় শাখার সহকারী পোস্টমাস্টার-৬ নুর মোহাম্মদ ও একই শাখার কাউন্টার অপারেটর সারোয়ার আলম খান। নুর মোহাম্মদের বাড়ি বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ গ্রামে এবং সারোয়ারের বাড়ি লোহাগাড়া উপজেলার বরহাতিয়া গ্রামে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা জানান, ডাক বিভাগের অভ্যন্তরীণ অডিটে টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ার পর দুই কর্মকর্তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের শিডিউলভুক্ত। তাদের জিডিমূলে দুদকের কাছে হস্তান্তর করা হচ্ছে।
পুলিশ ও ডাক বিভাগের সংশ্লিষ্ট সূত্রগুলো জানান, অভ্যন্তরীণ অডিটে মোট ৪৬ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। আটক নুর মোহাম্মদের কাছ থেকে দুই দফায় ২১ লাখ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে বাকি ২৩ লাখ ৫১ হাজার টাকার হদিস পাওয়া যায়নি। অর্থ আত্মসাতের ঘটনা উদঘাটনের পর চট্টগ্রাম জিপিওর ডাকঘর শাখার পরিদর্শক রাজীব পাল স্বাক্ষরিত এক আবেদনের মাধ্যমে দুই জনকে থানায় পাঠানো হয়।
