কৃষ্ণাঙ্গকে পুলিশের গুলি

শান্ত হচ্ছে উইসকনসিন অশান্তি ছড়াচ্ছে মিনেয়াপোলিসে

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ০০:২৯

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ পঙ্গু হয়ে গেছেন। তাকে গুলির প্রতিবাদে গত চারদিন ধরে বিক্ষোভ চলছে। তবে চতুর্থ দিনে রাজ্যটিতে অনেকটাই শান্ত অবস্থা ফিরে এসেছে। এরই মধ্যে এক কৃষ্ণাঙ্গকে গুলি করার প্রতিবাদে মিনেয়াপোলিস অশান্ত হয়ে উঠেছে। সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর সিএনএন, রয়টার্স ও আলজাজিরার

উইসকনসিনে মঙ্গলবার রাতে বিক্ষোভে গুলি চালিয়ে দুইজনকে হত্যা করা হয়। এই হত্যাকা্লে অভিযুক্ত করা হয়েছে ১৭ বছরের কিশোর কিয়েল রিত্তেনহাউজকে। তাকে বুধবার গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতেও রাজ্যের কেনোশা শহরে বিক্ষোভ হয়। তবে বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। উইসকনসিনের অ্যাটর্নি জেনারেল জোশ কাউল জানিয়েছেন, জ্যাকব ব্লেককে সাতটি গুলি করা পুলিশ কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে। তার নাম রুস্তেন শেসকি। আর ব্লেকের গাড়িতে একটি ছুরি পাওয়া গেছে বলে অ্যাটর্নি জানান। গত তিন রাত ধরে কারফিউ, জরুরি অবস্থা এবং ন্যাশনাল গার্ডের হুমকি উপেক্ষা করে বিক্ষোভ হয় কেনোশাসহ বিভিন্ন শহরে। অনেক গাড়ি পোড়ানো হয় এবং বিভিন্ন ভবনে ভাঙচুর চালানো হয়।

বুধবার রাতে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে মিনেয়াপোলিস শহরে। এক কৃষ্ণাঙ্গকে পুলিশ গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। যদিও পুলিশ বলছে, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। মিনেসোটা রাজ্যের গভর্ণর জরুরি অবস্থা জারি করেছেন। শহরে কারফিউ জারি করেছেন মেয়র। কর্তৃপক্ষ বলছে, গুজবের ওপর ভিত্তি করে বিক্ষোভ হচ্ছে। বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানে লুটপাট করা হচ্ছে। অনেক ভবনে ভাঙচুর চালানো হয়েছে।