ফ্রান্সে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ০৩:১৬

ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ বলেছেন, দেশটির সরকার বিরোধী অস্থিরতার সাত সপ্তাহ পর অস্বীকৃত বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে সরকার একটি নতুন আইন প্রণয়ন করতে চায়— যার মাধ্যমে বিক্ষোভে গোলোযোগ সৃষ্টিকারীদের নিষিদ্ধ করা হবে। এছাড়া বিক্ষোভের সময় মুখোশ না পরতে বাধ্য করা হবে।

তিনি আরো বলেন, বিক্ষোভের পরবর্তী পর্যায় মোকাবিলা করতে ৮০ হাজার নিরাপত্তা কর্মীকে নিয়োজিত করা হবে।

এদিকে ইয়োলো ভেস্ট আন্দোলনের বিক্ষোভকারীরা চলতি সপ্তাহে সরকারি একটি অফিসের গেট ভেঙে দিয়েছে। এছাড়া বিচ্ছিন্নভাবে প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া বিক্ষোভকারীরা গাড়ি ও মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। জ্বালানি তেলের কর বৃদ্ধির প্রতিবাদে গত বছরের ১৭ নভেম্বর ফ্রান্সে ইয়োলো ভেস্ট আন্দোলন শুরু হয়। যদিও জলবায়ু পরিবর্তনের প্রভাবকে কমিয়ে আনতে দেশটির জ্বালানি তেলের ওপর কর বৃদ্ধি করেছিল বলে জানিয়েছিল ফরাসি সরকার।

আরও পড়ুনঃ সরিষাবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা মেরামত

এদিকে সাত সপ্তাহ ধরে চলা এ আন্দোলনে বিক্ষোভকারীর সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। যদিও ফ্রান্সে বিভিন্ন শহরে দাঙ্গা ও সহিংসতার ঘটনা অব্যাহত আছে। এখন পর্যন্ত এ ঘটনায় কমপক্ষে ছয়জন মানুষ নিহত হয়েছে। এছাড়া কমপক্ষে এক হাজার চারশ’ মানুষ আহত হয়।

ইত্তেফাক/নূহু