অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে ঝড়ের তাণ্ডবে ভেঙেপড়া গাছের চাপায় চার বছরের এক শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এতে ৫৬ হাজার বাড়ির বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া শহরে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। শুক্রবার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ডেইলি মেইল। বৃহস্পতিবার সন্ধ্যায় চার বছর বয়সি এক শিশুর ওপর গাছ ভেঙে পড়ে। পরে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। মেলবোর্নে ঘণ্টায় ১৫৮ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হয়। এদিকে একটি গাড়ির ওপর গাছ ভেঙে পড়লে ৫৯ বছর বয়সি এক ব্যক্তি মারা যান, তিনি গাড়িটি চালাচ্ছিলেন। অন্যদিকে মহাসড়কে একটি পিকআপ ট্রাকের ওপর গাছ পড়লে ৩৬ বছর বয়সি এক নারীর মৃত্যু হয়। সামান্য আহত হওয়া ২৪ বছর বয়সি চালককে হাসপাতালে নেওয়া হয়। ভিক্টোরিয়ার প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুস বলেন, বিদ্যুত্ সংযোগ চলে যাওয়ায় একটি পানি বিশুদ্ধকরণ কারখানার কার্যক্রম ব্যাহত হয়ে পড়ে।
