লুইজিয়ানায় হারিকেন লরায় ছয় জন নিহত, বিদ্যুত্হীন ১০ লাখ মানুষ

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২২:৩০

প্রলয়ংকরী হারিকেন লরার আঘাতে লুইজিয়ানায় ছয় জন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, লরা যে পথ দিয়ে গেছে সেই পথে কেবল ধ্বংসযজ্ঞই চালিয়ে গেছে। প্রায় ১০ লাখ মানুষ বিদ্যুত্হীন হয়ে পড়েছে। বন্যার কবলে পড়েছে লাখ লাখ মানুষ। লরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে টেক্সাসেও। খবর সিএনএনের

লরার কবল থেকে বসতিঘরসহ কিছুই রেহাই পায়নি। স্থানীয় বিমানবন্দরগুলোও প্রায় ধ্বংস হয়ে গেছে। বহু বাড়ির ছাদের অংশ শহরের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। ৯ লাখের অধিক ঘরবাড়ি বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে ২ লাখের বেশি বাড়িতে বিদ্যুত্ সংযোগ পুনরায় দেওয়া হয়েছে। গতকাল রাত পর্যন্ত ৭ লাখ মানুষ বিদ্যুত্হীন ছিলেন। প্রায় ৮০ লাখ বাসিন্দা বন্যার কবলে পড়েছেন। অনেক বাড়ি বন্যায় ডুবে গেছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যায় মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। যদিও কয়েক লাখ মানুষকে ঝড়ের আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ঘূর্ণিঝড়ের তোড়ে লেক চার্লসের একটি কেমিক্যাল প্ল্যান্টে আগুন ধরে যায়। কর্মকর্তারা জানান, ঘূর্ণিঝড়টি শুক্রবার নাগাদ দুর্বল হয়ে পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে অগ্রসর হবে। এর প্রভাবে গতিপথ ধরে প্রবল বর্ষণ ও বন্যার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিরূপণে সপ্তাহান্তে টেক্সাস ও লুইজিয়ানার উপদ্রুত এলাকা সফর করবেন।